রাজপুত্রকে রাজকন্যার চুমু

ব্রিটেনের সর্বকনিষ্ঠ রাজপুত্র লুইসের নতুন দুটি ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। শনিবার ডিউক ও ডাচেস অব কেমব্রিজ দম্পতি ছোট্ট প্রিন্সের ছবি প্রকাশ করেছে।
একটি ছবিতে দেখা গেছে, বড়বোন প্রিন্সেস শার্লটের কোলে শুয়ে আছে প্রিন্স লুইস। ছোট্ট রাজপুত্রকে কোলে নিয়ে চুমু খাচ্ছে শার্লট। এ সময় ঘুমে অচেতন ছিল ক্ষুদে প্রিন্স। ২ মে ছিল শার্লটের তৃতীয় জন্মদিন। ওই দিনই ছবিটি তোলা হয়।
অন্য ছবিটি তোলা হয়েছে লুইসের জন্মের তিনদিন পর। ওই ছবিতে প্রিন্স লুইসকে বিছানায় একটি সাদা কুশনের ওপর শুয়ে থাকতে দেখা গেছে। সে সময় সাদা পোশাকে পুরো শরীর ঢাকা ছোট্ট প্রিন্স গভীর মনোযোগ দিয়ে কী যেন দেখছিল।
কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানায়, ছবি দুটি প্রকাশ করতে পেরে প্রিন্স উইলিয়াম ও ক্যাথেরিন ‘খুবই সন্তুষ্ট’। ২৩ এপ্রিল লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টা ১ মিনিটে প্যাডিংটনের লিনডো উইং সেন্ট হাসপাতালে লুইসের জন্ম। সে ব্রিটিশ রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী।বিবিসি




