রাজনৈতিকরা সমঝোতায় ব্যর্থ হলে তৃতীয় শক্তির আর্বিভাব ঘটবে : ডাঃ ইরান

ওয়ানইলেভেন প্রেক্ষাপট থেকে দেশের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিগত একযুগে আওয়ামী লীগের সীমাহিন লুটপাট ও একদলীয় কর্তৃত্ববাদী দুঃশাসনে বাংলাদেশ একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে। রাজনৈতিক বিভেদ, প্রতিহিংসা, দোষারোপ ও প্রতিপক্ষ বিরোধী শক্তি নির্মুলের আকাঙ্খা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত করছে। দেশের বর্তমান করোনা ও বন্যা পরিস্থিতি, রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট, লুটপাট ও দুর্নীতি রোধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংলাপ ও সমঝোতা সময়ের দাবি।
তিনি বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসতে হবে। দেশের স্বার্থে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত গনতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কেননা রাজনৈতিকভাবে গনতান্ত্রিক শক্তি সমঝোতায় ব্যর্থ হলে অগণতান্ত্রিক তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক মাসের উদ্বোধনী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খাইখাই রাজনীতি ও লুটপাটের গণতন্ত্র থেকে জণগন মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেকে সৎ ও যোগ্যরা নির্বাসনে থাকায় অসৎ ও অযোগ্যরা ক্ষমতা আকড়ে আছে। সন্ত্রাসী ও লুটেরা গোষ্টী আজ অর্থবিত্ত ও প্রভাব বিস্তারের জন্য রাজনীতির লেবাস পড়ে স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার ঘৃন্য প্রতিযোগীতা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। তাই সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় লেবার পার্টিকে সুসংগঠিত করতে হবে। রাজনৈতিক ও গণমানুষের মুক্তির লক্ষে লেবার পার্টিকে তৃনর্মুল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-যুবক, কৃষক-শ্রমিক ও কর্মজীবি-পেশাজীবিদের ঐক্যবদ্ধ করতে হবে।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, ঢাকা দক্ষিণ লেবার পার্টির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক হুমাউন কবীর, লেবার পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, বাংলাদেশ যুবমিশন আহবায়ক মোহেবুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ছাত্রমিশন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।




