
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
পুলিশের হাতে গ্রেপ্তার দুইজন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। গ্রেপ্তার তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এজাহারনামীয় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহমুদুল হাসান মহিনকে পাঁচদিনের এবং তারেক রহমান রবিনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তার মধ্যে সোহাগ হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিন এবং অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনের বিরুদ্ধে শুক্রবার (১১ জুলাই) রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
সোহাগ হত্যার কারণ সম্পর্কে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা যায় ব্যবসায়িক দ্বন্দ্ব এবং শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর মরদেহের ওপর চলে বর্বরতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনা সৃষ্টি করেছে।
এই ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
উক্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল।




