
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানীতে নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে মাঠে নেমেছে। উত্তরা, বনানী, মতিঝিল, মিরপুর, যাত্রাবাড়ী ও মানিক মিয়া এভিনিউ এলাকায় মোট আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সোমবার ( ১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু করে। আদালত বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কারাদণ্ডের খবর পাওয়া যায়নি।
বিআরটিএ-এর পরিচালক (এনফোর্সমেন্ট) এ কে এম মাসুদুর রহমান জানান, প্রথম দিনে নতুন আইন প্রয়োগে শুধু জরিমানা করা হচ্ছে। শুরুতে জরিমানার ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োগ না করে সচেতনতার জন্য আইনের মধ্যে থেকেই কম জরিমানা করা হচ্ছে।
অভিযানে গাড়ির ফিটনেস, রং, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, চালকের ড্রাইভিং লাইসেন্স এসব পরীক্ষা করা হচ্ছে। মামলা ও জরিমানা করা হচ্ছে। তবে এখনো কাউকে জেল দেয়া হয়নি। আপাতত সচেতনতা তৈরির জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




