
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টন থেকে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিজয় র্যালিটি শুরু হয়।
বিজয় র্যালির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে র্যালিকে কেন্দ্র করে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা নয়াপল্টন জড়ো হয়।
বিজয় দিবসের ব্যানারের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নেতাকর্মীদের হাতে দেখা যায়।
খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনের দিয়ে আসতে থাকা মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানসহ সারা দেশে মিথ্যা মামলায় কারাবন্দি দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ম্লোগান দেন। ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’, ‘কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’, ‘মুক্তি চাই মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।
দলীয় প্রধানের মুক্তি চেয়ে মিছিলে নেতাকর্মীদের হাতে হাতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে।




