
কামরুল ইসলাম রানা, রাংগামাটি প্রতিনিধি: রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রমে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম সরেজমিনে এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘কাপ্তাই হ্রদ পানি সরবরাহ প্রকল্পে’ অনিয়ম, নিম্নমানের কাজ ও কার্যাদেশ লঙ্ঘনের অভিযোগে এই তদারকি কার্যক্রম পরিচালনা হয়।
অভিযানের সময় নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া দুদক কর্মকর্তাদের সামনে বিভিন্ন নথিপত্র উপস্থাপন করেন এবং টেন্ডার প্রক্রিয়া ও বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রশ্নের জবাব দেন। এ সময় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ফাইল ও অনুমোদিত নথির কপি সংগ্রহ করে দুদক দল।
অভিযান শেষে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম সাংবাদিকদের জানান,অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাপ্ত তথ্য আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযানে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, সওয়ার হোসেন, বোরহান উদ্দিনসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া উপস্থিত ছিলেন।




