
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে ফারুয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা।
সভায় সঞ্চালনা করেন রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে বিলাইছড়ি সার্কেল) মো: নুরুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার সুযোগ্য পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)।
সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও উন্নয়নের জন্য সামাজিক সম্প্রীতি রক্ষা অত্যন্ত জরুরি। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও আস্থা বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্থানীয় জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। পাশাপাশি সমাজের তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো এবং সামাজিক অবক্ষয় রোধে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবাই পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




