রসিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত জাহাঙ্গীর আলম তোতা

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ৩০নম্বর সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা। রোববার রাতে রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন এ তথ্য জানান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দু’জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। একজন হলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা আরেকজন বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ আরজু।
তিনি জানান, ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জাহাঙ্গীর আলম তোতা ও মালেক নিয়াজ আরজু মনোনয়নপত্র জমা দেন। ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুজনের প্রার্থিতা বৈধ হয়।
পরে তথ্য গোপনের অভিযোগ এনে জাহাঙ্গীর আলম তোতা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরজুর মনোনয়নপত্র বাতিল চেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। আপিল শুনানিতে আরজুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
প্রতীক বরাদ্দে ওই ওয়ার্ডে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফলে ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আর কোন নির্বাচন হবে না।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা বলেন, ‘আমি এর আগেও কাউন্সিলর ছিলাম। এবারে আমরা দু’জন প্রতিদ্বন্দ্বী ছিলাম। একজনের মনোনয়ন বাতিল হওয়ায় আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত করে চিঠি দেয়া হয়।’
রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২১ অনুযায়ী রংপুর সিটির ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এ নিয়ে আদেশ জারি করা হয়েছে। ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো রংপুর সিটির নির্বাচনে ভোটগ্রহণ।



