sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন ক্যারোলিন আর বেরতোজ্জি, মর্টেন মেলডাল ও কে. ব্যারি শার্পলেস।
আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে এই তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।
নোবেল কমিটি জানায়, ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখার জন্য তাদের এ পুরস্কারে মনোনীত করা হয়েছে।
এদের মধ্যে কে ব্যারি শার্পলেস এর আগে ২০০১ সালেও রসায়নে নোবেল পেয়েছেন।
পুরস্কার প্রদানকারী সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়ন নামে পরিচিত প্রযুক্তিগুলো এখন কোষগুলো বিশ্লেষণ করতে এবং জৈবিক প্রক্রিয়াগুলো চিহ্নিত করতে বিশ্বব্যাপী ব্যবহৃত হয়।
এর আগে, সোমবার বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সভান্তে পাবো।
পরদিন মঙ্গলবার নোবেল পুরস্কার ঘোষণার দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে তিন নোবেলবিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।
নোবেল কমিটি বলেছে, বেল ইনেকুয়ালিটির পরীক্ষায় পাওয়া প্রমাণ ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গেলমেন্ট গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে পদার্থবিজ্ঞানে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল ফাউন্ডেশন বলছে, রসায়নে ১৯০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১১৩টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। রসায়নে নোবেল পুরস্কার ২৫ বার পেয়েছেন দুজন করে বিজয়ী। এখন পর্যন্ত ৭ জন নারী রসায়নের নোবেল পেয়েছেন। তবে রসায়নে একমাত্র বিজ্ঞানী হিসেবে ১৯৫৮ এবং ১৯৮০ সালে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রেডরিক স্যাঙ্গার।
নোবেলের ইতিহাসে সবচেয়ে কমবয়সী হিসেবে রসায়নে পুরস্কার পেয়েছিলেন ফ্রেডরিক জোলিওট। মাত্র ৩৫ বছর বয়সে ১৯৩৫ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন তিনি। আর রসায়নে সবচেয়ে বেশি অর্থাৎ ৯৭ বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন বি. গুডএনাফ।
বৃহস্পতিবার সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষণা দেয়া হবে। শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী শুক্রবার (৭ অক্টোবর)। আর ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা।
উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামের ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক, যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান—
ডিনাইমাইট আবিষ্কারক ও ধনাঢ্য ব্যবসায়ী সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল করা অর্থ থেকে ১৯০১ সাল থেকে তার নামে এ পুরস্কার দেয়া হচ্ছে। প্রথমে পাঁচটি বিষয়ে- চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি, এ পুরস্কার দেয়া হলেও পরে যুক্ত করা হয় অর্থনীতি বিষয়ও। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৬৮ সালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button