রড ছাড়াই ইউড্রেন ঢালাই করে চলছে এলজিইডি’র উন্নয়ন কাজ

মেহেদী হাসান আকন্দ: নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করে রড ছাড়াই চলছে এলজিইডি’র উন্নয়ন কাজ। নেত্রকোণার বারহাট্টা উপজেলার আমতলা-সমাজ সড়কের জিথন মধ্যপাড়া হতে বিষনাই নদী সড়ক উন্নয়ন কাজে ৬টি ইউড্রেন নির্মাণ কাজ চলছে। ইউড্রেন নির্মাণে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার এবং রড ছাড়াই দেয়া হয়েছে বেজ ঢালাই এমন অভিযোগ স্থানীয়দের। তবে উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এস.বি ট্রেডার্সকে ইউড্রেন ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ প্রদান করেছেন এবং নিম্নমানের সামগ্রী দ্রুত অপসারনের নির্দেশ দিয়েছেন। প্রকৌশলী অমিত চন্দ্র দে বলেন, উপজেলা এলজিইডি’র কাউকে অবগত না করেই শুক্রবার দিন ঠিকাদারী প্রতিষ্ঠান এস.বি ট্রেডার্স নিম্নমানের সামগ্রী দিয়ে ইউড্রেন নির্মাণের কাজ করেছেন।
জিথন গ্রামের আব্দুল মালেক বলেন, গুনগত মানের ইট ও রডের ব্যবহারের নির্দেশনা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানটি ইউড্রেন নির্মাণে ব্যবহার করছেন নিম্নমানের ইট। এমনকি রডের ব্যবহার ছাড়াই দিয়েছেন ঢালাই। প্রতিটি ইউড্রেনের বেজ ঢালাইয়ে ব্যবহার করা হয়েছে মাত্র ৩ বস্তা সিমেন্ট।
এবিষয়ে জানতে চাইলে এস.বি ট্রেডার্সের সত্যাধিকারী মনোরঞ্জন সরকার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ইউড্রেনগুলো ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে।




