‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামকরণ প্রত্যাহারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা এগারটায় বিশ্ববিদ্যালয়ের পুলিশফাঁড়ি সংলগ্ন পার্কের মোড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনে একাধিক বিশ্ববিদ্যালয় হতেই পারে, কিন্তু তার নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়” আর কোন প্রতিষ্ঠান নয়।
বেরোবি সাংবাদিক সমিতির সাধারণ-সম্পাদক নূর ইসলাম সংগ্রামের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
দাবি পূরণ না হলে পরবর্তীতে আবারও কর্মসূচি ঘোষণাসহ আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।




