
রতন রায়হান, রংপুর: রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার প্রখ্যাত শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে। তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। পাশাপাশি হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হিসেবে এলাকায় পরিচিতি পান।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি মামলার শুনানির জন্য গত বুধবার জাহাঙ্গীর আলম আদালতে হাজির হন। মামলার শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে প্রবেশের পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, আগেও জাহাঙ্গীর আলম বিভিন্ন গুরুতর রোগে ভুগছিলেন। বিশেষ করে ডায়াবেটিসসহ দীর্ঘদিনের জটিল অসুস্থতা ছিল তার। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকেলে চিকিৎসকরা ছাড়পত্র দেন। ছাড়পত্র পাওয়ার পর কারাগারে ফেরত নেওয়া হলেও রোববার ভোরে তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে হারাগাছ পৌরসভায় নেমে এসেছে শোকের ছায়া। পরিচিতজনরা জানান, তিনি ছিলেন অত্যন্ত শান্ত, অমায়িক ও সমাজসেবামূলক কাজে জড়িত একজন ব্যবসায়ী। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহলসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ কারাগারে পাঠানো এবং চিকিৎসা-সংক্রান্ত জটিলতার কারণেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে তাদের দাবি।


