রংপুরে সরকারি ওষুধ পাচারকারী চক্রের মূলহোতা পাঁচ দিনের রিমান্ডে

রংপুর প্রতিনিধি : সরকারি ওষুধ পাচারকারী চক্রের মূলহোতা রংপুর সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী সাহের জামালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শওকত আলী রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
ওই মামলার অপর দুই আসামি আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেদের দোষ স্বীকার করেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান- গত ২০ জুলাই বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ পাচার চক্রের দুই সক্রিয় সদস্যসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী, দুইজন পাচারকারী চক্রের সদস্য ও বাকি চারজন ফার্মেসির মালিক।
পুলিশ তাদের কাছ থেকে কয়েক লাখ টাকার বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার হয়েছে। ঘটনার মূলহোতাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আরো কেউ জড়িত আছে কিনা তা জানা যাবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।




