রংপুরে প্রেম ঘটিত কারণে দু’ বোনকে হত্যা গ্রেফতার ১

রাহুল সরকার : রংপুরে প্রেমঘটিত কারণে দু’বোনকে হত্যা করা হয়েছে- পুলিশের পক্ষ থেকে এমনই দাবী করা হয়েছে। এঘটনায় পুলিশ মাহফুজার রহমান রিফাত নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে নগরীর মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথমবর্ষের ছাত্র। বাবূ খাঁ এলাকার এমদাদুল ইসলামের ছেলে।নিহত মীমও ওই মাদরাসা থেকে এবারে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়।এছাড়া জান্নাতুল মাওয়া স্থানীয় বীরমুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রিফাতের সঙ্গে নিহত মীমের প্রেমের সম্পর্ক ছিল। রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গনেশপুর এলাকা থেকে সুমাইয়া আক্তার মীমের (১৬) মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে নিহত জান্নাতুল মাওয়ার বাবা অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে বিভিন্ন আলামত জব্দসহ তাদের আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বেশ কয়েকটি দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ওই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত মীম ও মাওয়ার পরিবারের লোকজনদের থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই রাতেই নগরীর উত্তর বাবু খাঁ থেকে মাহফুজার রহমান রিফাত নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করেছে । গ্রেফতারকৃত যুবক হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।




