রংপুরে পাথর বোঝাই ড্রাম ট্রাক থেকে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার-২

রংপুর প্রতিনিধি : রংপুরে পাথর বোঝাই ড্রাম ট্রাক থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মানিকগঞ্জ সদরের নবগ্রামের নয়ন মিয়ার ছেলে রাসেল মিয়া (২০) ও সিংগাইর উপজেলার রায় দক্ষিণ গ্রামের শহিদের ছেলে রাব্বীকে (২০) গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পাথর বোঝাই ড্রাম ট্রাকে তল্লাশী চালায় র্যাবের সদস্যরা। এ সময় ট্রাকের সামনের কেবিনে চালকের সিটের পেছনে স্টীলের বাক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৭৬৩ বোতল ফেন্সিডিল ও সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ওই দু’ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া জব্দ করা হয় ১টি ড্রাম ট্রাক, ১১২ সিএফটি ভাঙ্গা পাথর, ২টি মোবাইল ফোন, সীমকার্ড ও মাদক বিক্রয়ের ৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, কুড়িগ্রাম থেকে বোঝাই হওয়া ফেন্সিডিল ও গাঁজা সিরাগঞ্জ, গাজীপুর জেলায় সরবরাহের কথা ছিল। তারা পাথর ও বিভিন্ন মালামাল বহনের অন্তরালে মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পৌছে দেয়।




