রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি : র্যাব-১৩ রংপুরের পৃথক দুটি অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি-কুমেদপুর সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য পীরগঞ্জ থানার নায়ক আব্দুর রউফকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে আল্লাহর দলের অপর সদস্য শরীফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তাদের কাজ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্ত্তূজা সোমবার বিকেলে জানান, গ্রেফতারকৃত আব্দুর রউফ চাকরিজীবী ও শরিফুল ইসলাম সিএনজি চালক। তারা আল্লাহর দলের নেতা মতিন মেহেদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা গাইবান্ধা অঞ্চল এর সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে র্যাব জানায়।




