রংপুরে ধর্ষণ মামলায় এএসআই রায়হানুল জেলহাজতে

রংপুর প্রতিনিধি : রংপুর নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম রাজুর রিমান্ডের শুনানি আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে পিবিআই অধিকতর তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে পিবিআই‘র পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় রায়হানুল জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে- যা তদন্তের স্বার্থে এখনই বলা সম্ভব নয়। তিনি বলেন, বিচারক আগামী ৪ নভেম্বর রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে তাকে হারাগাছ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তোলা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন।
কিন্তু আদালতের বিচারক স্নিগ্ধা রানি আগামী ৪ নভেম্বর রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য- সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এএসআই রায়হানুল ইসলাম রাজুসহ আরও দুই জনের নাম উল্লেখ করে নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা হারাগাছ থানায় একটি মামলা করেন। বুধবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক জাহাঙ্গীর আলমের কাছে ২২ ধারায় জবানবন্দি দেয় মেয়েটি। একই দিনে আরও দুইজন আসামি আবুল কালাম আজাদ ও বাবুল হোসেন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করে। এছাড়া ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেফতারকৃত মেঘলা ও শম্পা নামে দুই নারী জেলহাজতে রয়েছে।




