রংপুরে চিকিৎসকসহ নতুন আরো ৪২ জন করোনা আক্রান্ত

রাহুল সরকার : রংপুরে নতুন করে ৪২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকার, জনপ্রতিনিধিসহ রংপুরে ২২জন, লালমনিরহাটে ৯জন, কুড়িগ্রামে ৫জন, গাইবান্ধায় ৪জন, নীলফামারীতে ১জন ও ঠাকুরগাঁয়ের ১জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ নুরুনবী লাইজু সোমবার সন্ধ্যায় জানান, আক্রান্তরা হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক, জেলা পুলিশের এক কনস্টেবল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের এক কর্মচারী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার রোগী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক, সদর হাসপাতালের এক কর্মচারী, নগরীর মুলাটোলের এক যুবক, কুকরুলের এক পুরুষ, জগদিশপুরের এক পুরুষ, জুম্মাপাড়ার এক পুরুষ, রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের একই পরিবারের চার সদস্য, বদরগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত এক কর্মকর্তা, কাউনিয়ার এক যুবক, হারাগাছ হাসপাতালের এক কর্মচারী, পীরগাছা থানার এক পুলিশ উপ-পরিদর্শক, পীরগাছার এক কিশোর ও গঙ্গাচড়ার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া গাইবান্ধা সদরের এক পুরুষ, পলাশবাড়ির এক পুরুষ, এক কিশোর, ফুলছড়ির এক যুবতী , গোবিন্দগঞ্জের এক পুরুষ , কুড়িগ্রাম সদরের এক পুরুষ, উলিপুরের এক পুরুষ, রাজারহাটের এক যুবক, রাজারহাট হাসপাতালের এক কর্মচারী , ফুলবাড়ির এক কিশোরী, লালমনিরহাট পাটগ্রাম ভূমি অফিসের চার কর্মচারী, পাটগ্রামের এক যুবক , লালমনিরহাট ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের চার রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। এ পর্যন্তু সুস্থ হয়েছেন ৫১৬ জন। জেলায় করোনায় মারা গেছেন ১৫ জন।




