রংপুরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর রামপুরা এলাকার মান্নান মিয়ার ছেলে শাহাজান মিয়া ওরফে শাহ আলম ও মাহিগঞ্জের বীরভদ্র বালাটারীর মোহাম্মদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম।
সোমবার দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতে নগরীর কেল্লাবন্দ এলাকার চৌধুরী আইস্ এ্যান্ড কোল্ড স্টোরেজের ভেতর থেকে গাঁজাসহ শাহাজান মিয়া ওরফে শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৫শ' টাকা উদ্ধার করা হয়। একই রাতে নগরীর সাতমাথা থেকে ৮শ' পিস ইয়াবাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া অভিযানের সময় আরো একজন পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়া একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী ও মাহিগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।




