শিরোনাম
রংপুরে কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব

রংপুর প্রতিনিধি : রংপুর র্যাব-১৩ অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ আন্তর্জাতিক মূর্তি পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লিটন চন্দ্র রায় ও লিমন রাজা। শুক্রবার রাতে বীরগঞ্জের মাকরাই এলাকা হতে তাদের আটক করা হয়। পরে বীরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমাণ্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ছয় মাস আগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা স্থানীয়ভাবে ওই মূর্তিটি সংগ্রহ করে। এটি একটি কষ্টি পাথরের মূর্তি। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গোপণ সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।




