sliderস্থানিয়

রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

‎রতন রায়হান, রংপুর: ‎পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে রংপুরে আনসার-ভিডিপির ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদের আনন্দকে আরও ভাগাভাগি করে নিতে এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (১১ মার্চ) নগরীর মাহিগঞ্জে অবস্থিত আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রংপুর সদর ও কাউনিয়া উপজেলার মোট ১৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য–সদস্যার হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)। এ সময় তিনি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, নির্বাচনকালীন দায়িত্ব পালন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় এই বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎‎তিনি আরও বলেন, একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অপরাধমুক্ত এবং শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে এবং একটি সমৃদ্ধ, নিরাপদ ও সুখী বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। ঈদ উপহার হিসেবে প্রত্যেক আনসার ও ভিডিপি সদস্যকে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট গুঁড়ো দুধ এবং লুডুসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসব উপহার পেয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পরিচালক মো. শফিকুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান এবং কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. রোকেয়া বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন মনিটরিং মাঠকর্মী, গণসংযোগ সহকারী, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ব্যাটালিয়ান আনসার সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই অবদানকে স্বীকৃতি দিতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাহিনীর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যরা এই আয়োজনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতেও দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button