খেলা

রংপুরকে টানা দুই হারের স্বাদ দিল চট্টগ্রাম

মোহাম্মদ নাঈম শেখ দুর্দান্ত এক ইনিংস খেললেন। কিন্তু অন্যরা সেভাবে সঙ্গ দিতে পারলেন না। এই বাঁ-হাতি ওপেনারের ঝকঝকে ইনিংস সত্ত্বেও তাই রংপুর রেঞ্জার্সের ইনিংসটা অতটা বড় হলো না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যা পেরিয়ে গেল সহজেই। রংপুরকে টানা দুই হারের স্বাদ দিয়ে চট্টগ্রাম ফিরল জয়ের ধারায়।
শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রানের পুঁজি গড়ে রংপুর। লক্ষ্যটা ১৮.২ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় চট্টগ্রাম।
সিলেটকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করা চট্টগ্রাম নিজেদের দ্বিতীয় ম্যাচে হারে খুলনার বিপক্ষে। অন্যদিকে রংপুর নিজেদের প্রথম ম্যাচে ১০৫ রানে হেরেছিল কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার দারুণ শুরু এনে দেন দলকে। ঝোড়ো ব্যাটিংয়ে ৭.১ ওভারে ৬৮ রান যোগ করেন চ্যাডউইক ওয়ালটন ও আভিষ্কা ফার্নান্দো। লুইস গ্রেগরির শিকার হয়ে ফেরার আগে আভিষ্কা ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৩৭ রান। এরপর ১২তম ওভারে নবীর শিকার হন ওয়ালটন। তবে তার আগেই এই জ্যামাইকান পূরণ করেছিলেন অর্ধশতক। ৩৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন তিনি।
এরপর লক্ষ্যে পৌঁছাতে আরো দুই উইকেট হারিয়েছে চট্টগ্রাম। ১৫ রান করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ৩ রানে নাসির হোসেন ফিরেছেন। তবে তিনে নামা ইমরুল কায়েসের অপরাজিত ৪৪ রানে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। সিলেটের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলা ইমরুল এদিন ৩৩ বলে নিজের ইনিংস সাজান ৩ চার ও ২ ছক্কায়। রংপুরের পক্ষে গ্রেগরি সর্বাধিক ২ উইকেট নিয়েছেন।
এর আগে নাঈম ৫৪ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে লড়ার মতো পুঁজি এনে দিয়েছিলেন। ভারতের বিপক্ষে নাগপুরে ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। এদিন মিরপুরেও তেমন মুগ্ধতা ছড়ালেন। ৪৮ বলে ১০ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান নাঈম।
অন্যদের মধ্যে ২১ রান করেছেন রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবী। লুইস গ্রেগরি (১১), টম অ্যাবেল (১০), তাসকিন আহমেদ (১১*) ছাড়া বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
চট্টগ্রামের বোলারদের মধ্যে ৩৫ রানে ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে উইকেট নেন মেহেদি হাসান রানা, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ ও রায়ান বার্ল।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নাঈম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button