
অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার রাতে গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে আলোচিত এই যুবলীগ নেতাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ যুবলীগ নেতার বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা ( নং-২৩, ২৪ ও ২৫) এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা (নং-৩১) দায়ের করা হয়।


