যুক্তরাষ্ট্র করোনা সংক্রমণের সর্বোচ্চ সীমা পেরিয়ে এসেছে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে একদিনে সর্বাধিক মৃত্যুর ক্ষেত্রে এটি রেকর্ড। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, নতুন করে করোনা সংক্রমণের সর্বোচ্চ সীমা পার করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রাপ্ত তথ্য বলছে, সারা দেশে করোনার নতুন সংক্রমণের সবোর্চ্চ সীমা আমরা পার করে ফেলেছি।’
‘আশা করা যায়, এটি অব্যাহত থাকবে এবং আমরা সামনে দারুণ উন্নতি করতে থাকব,’ যোগ করেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিশ্বের করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা সর্বাধিক কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প অন্যান্য দেশ মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন।
ট্রাম্প চীনের নাম উল্লেখ করে বলেন, ‘এসব দেশের (মৃত্যুর) সংখ্যা কেউ কি আদৌ বিশ্বাস করে?’
ট্রাম্প আরো বলেন, চীনের উহান শহরের কোনো বাজার থেকে নয়, বরং সেখানকার একটি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে, এমন তথ্যের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।
দেশজুড়ে করোনার কারণে আরোপিত লকডাউন প্রত্যাহারের কী রণকৌশল তৈরি করা হবে, আজ বৃহস্পতিবার সে বিষয়ে তাঁর প্রথম পরিকল্পনা ঘোষণা করার কথা মার্কিন প্রেসিডেন্টের। কয়েক দিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, এবার তিনি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। ট্রাম্পের ঘোষণায় কী আসতে যাচ্ছে, তাই এখন দেখার বিষয়।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ছয় লাখ ৩৯ হাজার ৬২৮ জনে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩১ হাজার মানুষ।




