
যুক্তরাষ্ট্রে মাথায় গুলি খেয়ে কোমায় চলে যাওয়া তানজিম সিয়ামকে আক্রমণকারী সন্দেহে এক ব্যক্তিকে অবশেষে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যে তাকে অভিযুক্তও করা হয়েছে।
পাঁচ মাস আগে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি তরুণ সিয়াম ১৪ জুলাই রাতে একটি দোকানে ডাকাতির কবলে পড়েন। ‘এম অ্যান্ড আর’ নামের ওই দোকানে তিনি কাজ করতেন।
বোস্টন নিউজ জানিয়েছে, লিনের স্টিফেন স্যামুয়েল নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঠিক কখন আদালতে নেয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সিয়ামকে দেখতে তার পরিবার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে গেছে। সেখানে যেতে তার মা-বাবাকে সাহায্য করেছেন বোস্টনের দুই স্থানীয় রাজনীতিবিদ-সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং এড মারকে।
বোস্টন মেডিকেল সেন্টারে ভর্তি থাকা ২১ বছর বয়সী সিয়াম কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তার মা মনোয়ারা বেগম সেখানে যাওয়ার পর শুধু কেঁদেই চলেছেন।
বোস্টনের দোকান মালিক সমিতি সিয়ামের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের কাজে নেমেছে। ‘GoFundMe’ ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
প্রাথমিকভাবে ৫০ হাজার ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্য ছিল তাদের। সেটি পূরণ হওয়ার পর ৭৫ হাজার ডলারের টার্গেট সেট করা হয়। সেটিও প্রায় পূরণ হয়েছে। এখন এক লাখ ডলার টার্গেট সেট করা হয়েছে। এই লিংকে গিয়ে আপনিও ডোনেট করতে পারেন।




