যুক্তরাষ্ট্রে মধুচন্দ্রিমা করবেন মাহি

বিয়ের পর মধুচন্দ্রিমা নয়, শুটিং করেই ব্যস্ত সময় কাটাচ্ছেন আলোচিত নায়িকা মাহিয়া মাহি। নিজের গায়ে হলুদের দিন যে ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেই ছবির শুটিংই করছেন কয়েক দিন ধরে। ছবির নাম ‘পলকে পলকে তোমাকে চাই’। রাজধানী উত্তরায় শুটিং চলাকালে মাহি জানালেন, এই ছবির কাজ শেষ করে বর অপুর সঙ্গে মধুচন্দ্রিমা করতে যাবেন যুক্তরাষ্ট্রে। শুটিং সম্পর্কে বলতে গিয়ে এমন কথাই জানান গতকাল মঙ্গলবার।
মাহি বলেন, ‘এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম গায়ে হলুদের দিন। তার পর শিডিউল দিই ছবিতে কাজের জন্য। এরই মধ্যে ছবির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। আশা করি, কাজটি সবার ভালো লাগবে। ঈদ পর্যন্ত এ ছবিতে কাজ করব। তারপর ঈদের বিরতির পর ছবির গানের শুটিং করব। সেটি শেষ করে অপুর সঙ্গে হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে যুক্তরাষ্ট্রে।’
মাহির সঙ্গে এই ছবিতে নায়ক হিসেবে আছেন বাপ্পি। ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি পরিচালনা করছেন শাহনেওয়াজ শানু। এরই মধ্যে ছবির সিংহভাগ শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার পরে ছবিটি মুক্তি দিতে চান ছবির পরিচালক।
শুটিং চলাকালে পরিচালক শাহনেওয়াজ শানু বলেন, ‘নায়িকা মাহিকে কিডন্যাপ করতে চায় মিশা সওদাগর। সেখান থেকে নায়ক বাপ্পি মাহিকে উদ্ধার করে তার বসের একটি বাগানবাড়িতে নিয়ে যায় তাকে সেফ করার জন্য। এরই মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সেখানে মাহি টিভি দেখে জানতে পারে যে বাপ্পি আসলে কিলার। বাপ্পির মুখোশ খুলে যায় মাহির কাছে। এমন এক দৃশ্যেরই শুটিং করছি আমরা।’
ছবির শুটিং কবে শেষ হবে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত ছবিরশুটিং করব। এরই মধ্যে ছবির দৃশ্য ও ছবির শেষ ফাইটের কাজ করবে, উত্তরা ও বিএফডিসিতে শুটিং হবে পুরোটাই। ঈদের জন্য একটা বিরতি আছে। আবার আগামী মাসের ১১ তারিখ থেকে আমরা বান্দরবানে ছবির গানের শুটিং করতে যাব এবং ছবির শুটিং শেষ করব। আমি আসলে ছবিটি কোরবানির ঈদের পর ছবি মুক্তি দিতে চাই।’




