যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির ভার্জিনিয়া রাজ্যের শ্যানন বিমানবন্দরে ল্যান্ড করার সময় একটি বিমান এই দুর্ঘটনায় পতিত হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জন নিহত এবং একাধিক জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধার কর্মকর্তারা। তবে হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায় নি।
দেশটির একজন পুলিশ কর্মকর্তা এফএ টেইলর গণমাধ্যমকে জানান, বিমানবন্দরের দক্ষিণ দিক দিয়ে নামার সময় সেখানে থাকা একটি লম্বা গাছের সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায়। তবে উদ্ধারকর্মীরা দ্রুততার সাথে আগুন নেভালেও ভেতর থেকে ছয়জনের মৃতদেশ উদ্ধার করা হয়।
বাহ্যিক দৃষ্টিতে গাছের সাথে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত হয়েছে দেখা গেলেও অধিকতর তদন্তের জন্য বিমানটি থেকে ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান এফএ টেইলর।
এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তাদের সাথে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সদস্যরাও রয়েছেন।




