যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় ঘূর্ণিঝড়ে শিশুসহ অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অনেকেই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড়ে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলাবামার শেরিফ জেই জোন্স স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা এখনও ধ্বংসস্তুপ থেকে লোকজনকে উদ্ধার করছেন। লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন আলাবামার গভর্নর কেই আইভেই। তিনি বলেন, ঝড়ের আঘাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওই এলাকায় ঝড়ের আঘাতে বহু ঘর-বাড়ি ধসে পড়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রথমবার টর্নেডো আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল। শেরিফ জোন্স এই টর্নেডোকে ‘সর্বনাশা’ বলে উল্লেখ করেছেন।




