
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারাই ক্ষমতায় অাসুক বাংলাদেশ যেন পিছিয়ে না যায়। দেশের উন্নয়ন যেন থেমে না যায়। তিনি বলেন, জনগণ অনেক অাশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট প্রদান করেছেন। তাদের অাশা পূরণে অাপনাদের কাজ করতে হবে। অাগামী ডিসেম্বরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন সরকার গঠন করবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা দলীয় দেখবো না। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনাদের বিরুদ্ধে যদি দুর্নীতি বা কোনো অনিয়মের অভিযোগ উঠে তাহলে যে দলেরই হোন না কেন, মাফ পাবেন না।
সরকার প্রধান বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন তারা যেন নিজেদের সম্পদশালী না করে জনগণকে সম্পদশালী করে। দেশের জন্য কাজ করতে হবে সম্মিলিতভাবে। তাহলে দেশ এগিয়ে যাবে। জনগণের কল্যাণ হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



