যাত্রীর পেটে ৬৫ লাখ টাকার সোনা

ভারতে পাচারের সময় মহিউদ্দিন ভূঁইয়া (৩৪) নামে এক যাত্রীকে ৬৫ লাখ টাকা দামের ১২টি (এক কেজি ৩০০ গ্রাম) সোনার বারসহ আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার সকাল দশটার দিকে ওই যাত্রীকে আটক করা হয় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভবন থেকে। আটক মহিউদ্দিন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বড়াইকান্দি গ্রামের শাহরিয়ার ভূঁইয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বর বিই -০৮৮৫২০৪। ওই যাত্রী এ পর্যন্ত ২০ বার ভারতে গমানাগমন করেছেন বলে জানায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে এক যাত্রী সোনা নিয়ে পাচারের উদ্দেশ্যে ভারত যাচ্ছেন। এই খবরের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় শুল্ক গোয়েন্দারা তৎপর হন। এরপর মহিউদ্দিন নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষে ভারতে যাওয়ার সময় তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সোনা পাচারের কথা অস্বীকার করেন। পরে তাকে নাভারনের একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করলে তার পেটের মধ্যে সোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তাকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এনে জুস ও পানি পান করালে তার পায়ুপথ দিয়ে ১২টি (এক কেজি ৩০০ গ্রাম) সোনার বার বের হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা বলে তিনি জানান।আটক মহিউদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোনা পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।




