
পতাকা ডেস্ক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৪২ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পানি বৃদ্ধির ফলে বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর মানিকগঞ্জের চরাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বিস্তীর্ন জনপদ ব্যাপকহারে নদীভাঙনের মুখে পড়েছে। এরই মধ্যে বগুড়ার সারিয়াকান্দি, জামালপুরের ইসলামপুর, সিরাজগঞ্জের সদর, বেলকুচি, চৌহালি, কাজিপুর ও শাহজাদপুর এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিম্নাংশ প্লাবিত হয়েছে। এ ছাড়া পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও চরমালশা পাড়া এলাকার বাঁধের নিম্নাংশের অধিবাসীদের ঘর-বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। এসব মানুষ বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন।
এদিকে নদীতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় ব্যাপক এলাকাজুড়ে নদীভাঙন শুরু হয়েছে। বাড়িঘর হারিয়ে এসব এলাকার চরাঞ্চলের মানুষ উচু বাঁধ ও অন্যান্য স্থানে আশ্রয় নিচ্ছেন। এ ছাড়া দ্রুত পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিভিন্ন ফসলি জমি ডুবে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।




