ভারতশাসিত জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আব্দুল্লাহ বলেছেন, যতই যুদ্ধ হোক না কেন, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর পাকিস্তানেরই থাকবে।
‘আমি শুধু ভারতীয়দের নয়, বিশ্বাবাসীকে পরিষ্কারভাবে বলতে চাই, কাশ্মীরের ভারতশাসিত অংশ ভারতের আর পাকিস্তানশাসিত অংশ পাকিস্তানের। যতই যুদ্ধ হোক, এটার কোনো পরিবর্তন হবে না। তাই দু’পক্ষকেই আলোচনায় আসা উচিত, যাতে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারি’, বলছিলেন আব্দুল্লাহ।
আব্দুল্লাহর বক্তব্য, স্বাধীন কাশ্মীরের স্বাধীনতা কোনো ভালো চিন্তা নয়, যেখানে তিনটি পারমাণবিক শক্তিধর দেশ একে ঘিরে রেখেছে।
‘আমাদের এক পাশে চীন, পাকিস্তান ও অন্য পাশে ভারত। তাদের প্রত্যেকেরই অ্যাটম বোমা রয়েছে। আর আমাদের আল্লাহর নাম ছাড়া কিছুই নেই। যারা আজাদীর কথা বলছে তারা ভুল বলছে’, বলেন আব্দুল্লাহ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি স্বাধীন কাশ্মীরের ধারণা প্রত্যাখ্যান করার একদিন পরই ফারুক আব্দুল্লাহর এ বক্তব্য এলো। আব্বাসি বলেছেন, এটা বাস্তবে সম্ভব নয়।
আবদুল্লাহ আরও বলেন, ‘ভারত আমাদের প্রতি সদয় নয়। ভারত আমাদের সঙ্গে প্রতারণা করেছে। যে ভালোবাসা থেকে আমরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তারা তার স্বীকৃতি দেয়নি। কাশ্মীরের এখনকার পরিস্থিতির পেছনে এটাই কারণ।’
সূত্র: এনডিটিভি




