মোহনগঞ্জে সংঘর্ষে নিহত হাসানের পরিবার বাকরুদ্ধ

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা : নেত্রকোণার মোহনগঞ্জে অটোরিকশা চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত হাসান মিয়া (৩২)’র পরিবারের সদস্যরা এখন বাকরুদ্ধ। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। স্ত্রী সুরমা আক্তার (২৪) সাত বছরের কণ্যা সামিয়া আক্তার, ৩ বছরের কণ্যা সানিয়া আক্তার ও ২১ দিন বয়সী পুত্র সাইনকে বুকে জড়িয়ে বাকরুদ্ধ, চোখে দেখছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। নিহত হাসানের বাড়ি এখন নিরব-নিস্তব্ধ। হাসানের বৃদ্ধ বাবা জজ মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন, অটোরিকশা চালিয়ে হাসান তার সংসার চালাতো। একমাত্র উপার্জনশীল ব্যক্তি নিহত হওয়ায় তিন সন্তান নিয়ে কিভাবে চলবে হাসানের স্ত্রী সুরমা আক্তার। তাদের ঘরে নাই দু’দিনের খাবারের সঞ্চয়। কান্নাজড়িত কন্ঠে জজ মিয়া বলেন, ২১ দিন বয়সী সাইন জানলো না তার বাবা কে?
গত ১৬ নভেম্বর বুধবার মোহনগঞ্জে অটোরিকশা চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হওয়া সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আট পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে মানশ্রী গ্রামের জজ মিয়ার ছেলে হাসান মিয়া চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহত হাসান মিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে নিশ্চিত করেন হাসানের বাবা জজ মিয়া।



