মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

ঘিওর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো: মিতুল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী তার বন্ধু ফাহিম আহম্মেদ (২০) মারাত্মক আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বানিয়াজুরী-ঘিওর সড়কের জাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিতুল উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর গ্রামের মো: বজলুল রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির পথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, বিকেলের দিকে উপজেলার কাকজোর থেকে মোটরাসাইকেলযোগে দুই বন্ধু ঘুরতে বের হন। পথিমধ্যে তার মোটরসাইকেলটি জাবরা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।
এতে তার মাথা থেঁতলে যায়। স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী তার বন্ধু ফাহিম আহম্মেদ (২০) দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে কলেজছাত্রের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




