মেসিকে আবার হারালেন রোনাল্ডো

মেসি এবং রোনাল্ডোর মধ্যে প্রতিযোগিতা চলছেই। বেশির ভাগ ক্ষেত্রে লড়াইয়ে জেতেন মেসিই। তবে সম্প্রতি ইউরো জিতে বড় একটা লড়াইয়ে জিতেছেন রোনাল্ডো। এরপর এবারও জিতলেন তিনি।
বিশ্বের বিত্তবান সেলিব্রিটিদের মধ্যে সগৌরবে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ফোর্বস পত্রিকার সমীক্ষা অনুযায়ী, আমেরিকান টিভি তারকা ফিল ম্যাকগ্র’র সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের পারিশ্রমিক এবং বিজ্ঞাপন এনডোর্সমেন্ট থেকে রোনাল্ডোর বাৎসরিক আয় ৮৮ মিলিয়ন ডলার। এরমধ্যে রিয়াল মাদ্রিদের থেকে তিনি পান ৫৫ মিলিয়ন ডলার। বাকি অর্থ নাইকি, ট্যাগ হিউয়ের, সাকুর ব্রাদার্স স্যুটস এবং মনস্টার হেডফোনের বিজ্ঞাপন থেকে আসে। আয়ের ব্যাপারে রোনাল্ডো পিছনে ফেলেছেন বিশ্ব ফুটবলে তাঁর প্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার লায়োনেল মেসিকে। কিছুদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এলএমটেনের বাৎসরিক আয় ৮১.৫ মিলিয়ন ডলার। তিনি রয়েছেন অষ্টম স্থানে। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর এই মুহূর্তে ছুটি কাটাতে ব্যস্ত পর্তুগিজ মহাতারকাটি।
জুলাইয়ের শেষ সপ্তাহে মাদ্রিদে ফিরে হাঁটুর চোটের চিকিৎসা করানোর পরিকল্পনা রয়েছে তাঁর। রোনাল্ডোর চোট তেমন গুরুতর নয় বলে রিয়াল মাদ্রিদের অনুরাগীরা আশায় বুক বাঁধছেন। তবে পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁর বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়েছে। অস্থি বিশেষজ্ঞদের মতে, চোট সারিয়ে মাঠে ফিরতে চার-পাঁচ মাস সময় লাগবে। অর্থাৎ, উয়েফা সুপার কাপ ছাড়াও রোনাল্ডো খেলতে পারবেন না লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিকের ম্যাচগুলো।



