মেদযুক্ত খাবার খেলেই ফ্যাট ট্যাক্স

ভারতের প্রথম প্রদেশ হিসেবে ফ্যাট ট্যাক্স বা মেদযুক্ত খাবারের ওপর কর আরোপ করছে কেরালা। বার্গার, পিজা, ডোনাট কিংবা টাকোর মতো পশ্চিমা খাবার খেতে হলে এখন অতিরিক্ত পয়সা গুনতে হবে কেরালার বাসিন্দাদের।
প্রদেশটির সরকার বলছে, মানুষ যাতে তাদের খাবারের বিষয়ে আরো সচেতন হয় সেই উদ্দেশ্যেই এই আরোপ করা হচ্ছে।
জানা গেছে, বিভিন্ন ব্যান্ডের রেস্টুরেন্ট চেইনের ফাস্ট ফুডের ওপর সাড়ে ১৪ শতাংশ কর আরোপের পরিকল্পনা হাতে নিয়েছে কেরালা সরকার। এই করকে বলা হচ্ছে ফ্যাট ট্যাক্স বা মেদের ওপর কর।
জাঙ্ক ফুড বা মেদবহুল খাবার থেকে মানুষকে সরিয়ে নিতে এ ধরনের কর আরোপ করা হয়েছে ডেনমার্ক এবং হাঙ্গেরিতে।
অনেকে মনে করছেন এটি সঠিক পদক্ষেপ। তাদের মতে জাঙ্ক ফুডের কারণে অনেক রোগ-বিমারেও আক্রান্ত হচ্ছে অনেকেই। আবার অনেকের মতে এই উদ্যোগে খুব একটা ফলপ্রসু হবে না। তারা বলছেন মানুষের যদি আগ্রহ থাকে তাহলে সে এসব খাবার খাবেই। কর বসালেও কোন লাভ হবে না।
ভারতে সবচেয়ে বেশি স্থুলতার হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেরালা। আর এই কারণ দেখিয়েই কেরালার সরকার বিভিন্ন ফাস্ট ফুড চেইন যেমন ম্যাকডোনাল্ডস, ডমিনোস কিংবা পিজা হাটের ওপর এই বিশেষ কর আরোপ করছে।
সরকার বারবার নিজেদের পরিকল্পনার পক্ষে যুক্তি তুলে ধরলেও অনেক খাদ্য বিশেষজ্ঞই মনে করছেন খাবারের ওপর কর আরোপ করা সঠিক পদক্ষেপ নয়। কোচিন হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. রামাকৃষ্ণন বলেন- স্বাস্থ্যের কথা চিন্তা করলে এটি সঠিক পদক্ষেপ নয়। মানুষের স্বাস্থ্যের ওপর এটি তেমন কোনো প্রভাব ফেলবে না। বিশেষ করে কেরালা রাজ্যে। এর ফলে শুধুমাত্র সরকারের পকেটই ভারী হবে। যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে, সচেতনতা তৈরি করা। উচ্চ ক্যালরিযুক্ত খাবারের খারাপ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাটাই বেশি জরুরি।




