মুম্বাইকে হারিয়ে প্রথমবার আইপিএল ফাইনালে পুনে

প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে উঠে গেলো রাইজিং পুনে সুপারজায়ান্ট। মঙ্গলবার আইপিএলের দশম আসরের প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।
এবারের আসরে আইপিএলের সেরা দল মনে হচ্ছিলো মুম্বাইকেই। কিন্তু তারা যখনই পুনের মুখোমুখি হয়েছে, ততোবারই খেয়েছে হোঁচট। লিগ পর্বে মুম্বাই দুইবার হেরেছে পুনের কাছে। কোয়ালিফায়ারে এসেও পুনের বাধা পার হতে পারলো না তারা।
হেরে গেলেও মুম্বাইয়ের সামনে আরো একটা সুযোগ থাকছে। দ্বিতীয় কোয়ালিফায়ারটা জিততে পারলে ফাইনালে আবার তারা পুনেকে পাবে।
প্রথম কোয়ালিফায়ারে পুনের জয়ের ভিতটা গড়ে দেন অজিঙ্কা রাহানে। পুরো আসরে রাহানে ছিলেন নিষ্প্রভ। তারপরও পুনে তার উপর থেকে ভরসার হাতটা উঠিয়ে নেয়নি। একের পর এক ম্যাচে সুযোগ পেয়ে গেছেন রাহানে। তারপরও করতে পারেননি সেভাবে কিছুই।
রাহানের কারণেই পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান তোলার তালিকায় ব্যাঙ্গালুরুর পরেই জায়গা হয়েছে পুনের। কিন্তু রাহানে এবার ঠিকই প্রতিদান দিয়েছেন। পরপর দুই ওভারে ওপেনার রাহুল ত্রিপাঠি ও অধিনায়ক স্টিভ স্মিথকে হারানোর পর পুনে যখন খাদের কিনারে, রাহানে তখনই দাঁড়িয়ে যান। করেন হাফ সেঞ্চুরি।
তার ৪৩ বলে ৫৬ এবং মনোজ তিওয়ারির ৪৮ বলে ৫৮ ও এমএস ধোনির ২৬ বলে ৪০ রানের ইনিংস তিনটিতে ভর করে পুনে তুলে ১৬২ রান। খুব বেশি না হলেও, এই রান টপকাগে গিয়ে ২০ রান পিছনে থাকতেই শেষ হয় মুম্বাইয়ের ইনিংস।
বল হাতে স্থানীয় দুই বোলার শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর পুনের জয়ের পথটা প্রশস্ত করেন। দুজনই তিনটি করে উইকেট নেন। শার্দুলের তুলনায় অসাধারণ বোলিং করেন ওয়াশিংটন। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি উইকেট নেন সুন্দর।




