sliderস্থানিয়

মুন্নু হাসপাতালে শুরু হলো ডায়ালাইসিস ইউনিটের কায’ক্রম

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’। এর ফলে রোগীরা ঢাকায় না গিয়েই নিজ জেলাতেই নিয়মিত ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।

সোমবার (২৪ নভেম্বর) ডায়ালাইসিস সেন্টারটির উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান, ডা. মামুন চৌধুরী রাজুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্টাফরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথম ধাপে দুটি ডায়ালাইসিস বেড চালু হলেও চাহিদা অনুযায়ী খুব শিগগিরই তা ১০ বেডে সম্প্রসারিত করা হবে। উন্নত যন্ত্রপাতি, প্রশিক্ষিত নার্সিং টিম ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেন্টারটি ২৪ ঘণ্টা সেবা দেবে। সাশ্রয়ী মূল্যে প্রান্তিক ও মধ্যবিত্ত রোগীদের নিয়মিত ডায়ালাইসিস সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জের মানুষকে যাতে বারবার ঢাকায় যেতে না হয় সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। এতে রোগীরা সময়, অর্থ এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবে।

সংশ্লিষ্টরা মনে করেন, নতুন এই ডায়ালাইসিস সেন্টার জেলার স্বাস্থ্যসেবায় একটি নতুন অধ্যায় খুলে দেবে।

মানিকগঞ্জের মত জেলায় কিডনি চিকিৎসার আধুনিক সুবিধা চালু হওয়া নিঃসন্দেহে বড় অগ্রগতি। এতে রোগীদের স্বস্তির পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button