মুখ্যমন্ত্রী মমতার সাথে দেখা করে যা বললেন শামির স্ত্রী হাসিন

ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ শামির বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক অভিযোগ করে চলেছেন তার স্ত্রী হাসিন জাহান। এর মধ্যে রয়েছে ম্যাচ ফিক্সিং, বধূ নির্যাতন ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও। বৃহস্পতিবারই শামিকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই।
শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন হাসিন। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যাবতীয় সমস্যার কথা জানান তিনি। প্রায় ২০ মিনিট চলে কথপোকথন।
বৈঠক শেষে হাসিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে সমস্ত অভিযোগ শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের বোলার মুহাম্মদ শামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানের অভিযোগগুলোর মধ্যে বধূ নির্যাতন ও খুনের চেষ্টা-সহ অন্যান্য অভিযোগে লাগাতার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।
শামির বিরুদ্ধে লড়াইয়ে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছিলেন হাসিন। সেই আবেদন মেনে গত বুধবার হাসিনকে সাক্ষাতের সময় দেন মুখ্যমন্ত্রী। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছান তিনি। বৈঠকের পর আশ্বস্ত দেখায় হাসিনকে। তিনি জানিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।



