মুখে হাত দিতে গেলেই সতর্ক করবে স্মার্টঘড়ি

করোনা থেকে রেহাই পেতে বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ সতর্কতা, মুখমণ্ডলে যাতে কোনোভাবে না যায়। অন্যথায় করোনার জীবাণু চোখ, নাক, মুখে চলে যেতে পারে।
তবে মুখমণ্ডলে হাতের স্পর্শ ঠেকাতে একটি বিশেষ ঘড়ি আবিষ্কার করেছে ব্রিটিশ কিশোর ম্যাক্স মেলিয়া (১৫)।
সিএনএন জানায়, ভিবপ্রো নামে এই স্মার্টঘড়ি অবচেতনভাবে মুখমণ্ডলে হাত দেওয়া থেকে বিরত রাখতে মানুষকে সাহায্য করবে।
এর ফলে করোনার সংক্রমণ থেকে অনেকাংশে রেহাই পাওয়া যেতে পারে বলে ম্যাক্স জানান।
তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে গোটা বিশ্বের মানুষ একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। যদিও আমার মা-বাবা উভয়েই করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত এর ভয়াবহতা বুঝতে পারিনি। এ ভয়াবহতাই আমাকে এ বিষয়ে কাজ (ঘড়ি আবিষ্কার) করতে উৎসাহ জুগিয়েছে।’
কীভাবে এই ঘড়ি কাজ করবে? এই প্রসঙ্গে ম্যাক্স জানান, হাত যদি মুখমণ্ডলের কাছে চলে যায়, তাহলে হাতে থাকা ঘড়িটি সতর্কবার্তা শোনাবে। হাত যতবার মুখমণ্ডলের কাছে চলে যাবে, ততবারই সতর্কবার্তা দেবে এই ঘড়ি।




