মিয়ানমার সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের প্রতি রুশনারা আলীর আহ্বান

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।
পাঠানো ওই চিঠিতে রুশনারা আলী বলেন, গৃহহীন রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে পূনর্বাসন প্রয়োজন। আর নতুন করে রোহিঙ্গারা যেনো ঘরছাড়া না হয় সেজন্য তাদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তাছাড়া তিনি চিঠিতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ঠেকাতে দ্রুত জরুরি পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন।
একইসাথে রোহিঙ্গা নির্যাতিত এলাকায় পূর্ণ মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান রুশনারা আলী।
মিয়ানমারে রোহিঙ্গাদের কয়েকটি গ্রামের স্যাটেলাইট স্থিরচিত্রের বরাত দিয়ে রুশনারা আলী বলেন, দেশটিতে রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেয়া হচ্ছে। ফলে বাড়ি ও গ্রামছাড়া হচ্ছে হাজার হাজার রোহিঙ্গা। জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা গৃহহীন হয়েছে।
গত কয়েকদিন আগে মিয়ানমারে নিরপরাধ মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপরে দেশটির সরকারী বাহিনীর নৃশংস অত্যাচারের একটি গোপন ভিডিও প্রকাশ করে সংবাদ মাধ্যম বিবিসি।
দেশটিতে সাংবাদিক ও আন্তর্জাতিক সংস্থা প্রবেশের নিশেধাজ্ঞা থাকায় বিবিসি একজন বার্মিজ নাগরিককে গোপন ক্যামেরাসহ রোহিঙ্গা গ্রামগুলোতে পাঠায়। সেখানে গিয়ে ওই বার্মিজ নাগরিক কয়েকজন রোহিঙ্গা মহিলার সাথেও কথা বলেন।
ধারণকৃত ওই ভিডিওতে রাখাইন রাজ্যের একটি গ্রামের ছবি তোলা হয়েছে, যে গ্রামটিতে কয়েকদিন আগেও রোহিঙ্গা মুসলিমরা বসবাস করলেও এখন সেখানে বার্মিজ সৈন্যরা ঘাঁটি গেড়ে আছে।
ভিডিওতে সাক্ষাৎকার নেয়া ওই রোহিঙ্গা নারীদের কারও স্বামীই তাদের ছিলো না। স্বামীরা কোথায় জানতে চাইলে একজন জানান, তার স্বামীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। অন্য একজন বলেন, তার স্বামীকে মিয়ানমারের সৈন্যরা ধরে নিয়ে গেছে।
এছাড়া আরও কয়েকজন মহিলা জানান, তাদেরকে এবং তাদের পরিচিত অনেক মহিলাকেই ধর্ষণ করেছে সেনাবাহিনী। তারা চিৎকার করে সাহায্য চাইলেও কেউ তাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি।



