
মিয়ানমারের জান্তা সরকারের সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে শাসক বিরোধী কারেন সশস্ত্র গোষ্ঠী। এতে মিয়ানমার সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ চার আরোহী সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের থিনগানিনাউং শহরের একটি সেনাঘাঁটিতে হেলিকপ্টারটি অবতরণের সময় ওই হামলার ঘটনা ঘটে। ওই সেনা ঘাঁটি লাগোয়া মিয়াওয়াদ্দি শহরের দখল নিয়ে গত কয়েক দিন ধরে সেনা ও বিদ্রোহীদের লড়াই চলছে।
এই মাসে এটি তৃতীয় জান্তা বিমান যা শাসন বিরোধী প্রতিরোধ বাহিনী দ্বারা গুলি করা হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী- ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)-র জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’ নভেম্বর থেকে সে দেশের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। ওই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন ১০২৭’।
বিদ্রোহীদের হামলার জেরে ইতোমধ্যেই সে দেশের অর্ধেক এলাকা সরকারি সেনার হাতছাড়া হয়েছে। জান্তা-বিরোধী যুদ্ধে সামিল হয়েছে, ‘চিন ন্যাশনাল আর্মি’ (সিএনএ) এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ), ‘কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স’ (কেএলডিএফ), পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোও।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ এবং জান্তা বিরোধী রাজনৈতিক দল ‘শান স্টেট প্রোগ্রেস পার্টি’ বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়েছে।
সূত্র : ইরাবতি নিউজ



