বিনোদন

মিসেস ইউনিভার্স বিচারক জাহারা মিতু

অপূর্ব ডট কমের আয়োজনে দেশে শুরু হলো ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। প্রথমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় সাড়ে আট হাজার নারী প্রতিযোগিতার জন্য আবেদন করেছিলেন। সেখান থেকে বাছাই করা ২০০ জনের অডিশন নেওয়া হয়েছে রাজধানীর হোটেল রিজেন্সিতে। অনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত বিচারক থাকছেন অভিনেত্রী জাহারা মিতু।
তিনি বলেন, বিচারক হিসেবে এ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করি এখান থেকে অনেক অভিজ্ঞতা নিতে পারবো। একসময় প্রতিযোগী হয়ে বিচারকদের সামনে দাঁড়াতাম, এখন নিজেই বিচার কাজ করছি। গত শনিবার থেকে অডিশন শুরু হয়েছে। শিগগিরই আমরা টপ ১০০ প্রতিযোগী বাছাই করতে পারব বলে আশা রাখি।
জানা গেছে, বিচারক হিসেবে জাহারা মিতুর সঙ্গে আরও থাকছেন মডেল অন্তু করিম। এ ছাড়া মূল অনুষ্ঠানের বিচারক প্যানেলেও থাকবে ভিন্নতা। বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় প্রতি পর্বে নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অতিথি বিচারক নিয়ে আসার পরিকল্পনা আছে আয়োজক প্রতিষ্ঠানের। প্রতিযোগিতার মূল আয়োজন হবে চীনে। চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ডিসেম্বরেই যাবেন মূল আয়োজনে। ‘মিসেস ইউনির্ভাস বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ঢাকায়।
আগত প্রতিযোগীদের প্রসঙ্গে মিতু বলেন, বিভিন্ন বয়সের, পেশার নারীরা এতে অংশ নেয়ার জন্য আবেদন করেছিলেন। যোগ্যতাসম্পন্ন, মেধাবী, শিক্ষিত, ভালো পরিবারের নারীরা এখানে অংশ নিচ্ছেন এটা ইতিবাচক। প্রতিযোগীদের অংশগ্রহণ দেখে মুগ্ধ হয়েছি। শুধু চেহারা দেখে আমরা বাছাই করছি না। তার সঙ্গে বিশেষভাবে শিক্ষাগত যোগ্যতা দেখছি। একটি বিষয় আমরা মাথায় রেখেছি, যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। তাই কোনো ধরনের ছাড় দিতে আমরা প্রস্তুত নই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button