
রাজধানীর ফুটপাত দখলকারীদেরকে ফুটপাত ছাড়ার জন্য মিনতি করে কাজ না হলে বুলডোজার চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
মেয়র আনিসুল হক বলেন, ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ খুবই কঠিন কাজ। তবে এরপরও ঢাকার সব ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।
তিনি বলেন, আমার লোকজনকে আমি বলেছি প্রথম দিন যাবা, হাতে ধরবা, বলবা, স্যার আমার জায়গা ছেড়ে দেন। দ্বিতীয় দিন যাবা, বলবা, স্যার, আপনি অনেক বড়লোক, ফুটপাত বোধ হয় ভুলে দখল হয়ে গেছে, স্যার আপনি মনে হয় টের পান নাই, স্যার ছেড়ে দেন। তৃতীয় দিন গিয়া পায়ে ধরবা, বলবা, গরিবের ফুটপাত স্যার ছেড়ে দেন। তাও না ছাড়লে চতুর্থ দিন গিয়া বুলডোজার চালাইয়া দিবা। উই ডোন্ট কেয়ার। ইনশাল্লাহ আপনারা দেখবেন, উই উইল টেক আউট দিস।
একটি স্বাস্থ্যকর ও প্রাণবন্ত শহর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে মেয়র বলেন, আগামী তিন বছর সাত মাস পর যখন দায়িত্ব ছাড়বো তখন ঢাকা হবে ‘অন্যরকম শহর’।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান নজরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম মাকসুদ কামাল, হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ-এর পরিচালক জন আর্মস্ট্রং প্রমুখ।




