খেলাশিরোনাম

মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ জয় বাংলাদেশ ‘এ’ দলের

মোহাম্মদ মিঠুনের ৩৯ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টা আইরিশরা। শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল তাই সিরিজ নির্ধারণী। শুক্রবার ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৮ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। পোর্টারফিল্ড ও সিমির শতরানের জুটির ওপর ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে আইরিশরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনার দলকে দেন শতরানের জুটি। উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার করেন ১১৭ রান। সৌম্য ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে থামলেও মিঠুন মাত্র ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ৮০ রান।
এরপর বাকি কাজটা করেন আল-আমিন-মুমিনুলরা। শেষ পর্যন্ত আল আমিন ১৩ বলে ২১ রান ও মুমিনুল ৬ বলে ১১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬ ও ১৩ রান।
বল হাতে বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন দুর্দান্ত। ২৮ রানের বিনিময়ে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেন তরুণ এই পেসার। ৫৭, ১১ ও ৪৭- তিন ম্যাচে ১১৫ রান করে সিরিজ সেরা হয়েছেন সৌম্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button