বিনোদন

মায়ের বাড়ি ছেড়েছেন? মুখ খুললেন সারা

বিনোদন দুনিয়ায় ঝড় তুলে ২০১৮ সাল শেষ করেছেন সারা আলি খান। সারার প্রথম ছবি ‘কেদারনাথ’ জয় করে দর্শক ও চিত্রসমালোচকদের হৃদয়। এ ছবিতে তিনি ব্রাহ্মণ পণ্ডিতকন্যা মন্দাকিনী মুক্কুর চরিত্রে অভিনয় করেন, যে কি না প্রেমে পড়েছিল মুসলিম ধর্মাবলম্বী মনসুরের। এই চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত।
২৮ ডিসেম্বর মুক্তি পায় সারার দ্বিতীয় ছবি ‘সিম্বা’। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধা ছবিটি ভারতের বক্স অফিস সংগ্রহে অতিক্রম করে ২০০ কোটি রুপির মাইলফলক, আন্তর্জাতিক বাজারে আয় করে ৩৫০ কোটি রুপির বেশি।
সম্প্রতি সারার গাড়িভর্তি বিপুল জিনিসপত্রসহ মায়ের বাড়ি থেকে বের হওয়ার ছবি অন্তর্জালে ভাইরাল হয়। আলোচনা চরমে ওঠে, একা থাকার জন্য মায়ের বাড়ি ছেড়ে তিনি কি নতুন বাড়িতে উঠেছেন? পরপর দুটো ছবির সাফল্যের পর একটি অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য হয়েছে এ তরুণীর, এ আলোচনা ছিল সর্বত্র। যা হোক, এ খবর সত্য নয়।
গেল বুধবার রাতে নিকা ফেমিনা অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে সারা আলি জানান, এ ধরনের ইচ্ছে তাঁর নেই।
সংবাদমাধ্যম টাইমস নাউকে সারা আলি খান বলেছেন, ‘এটা মিথ্যা গুজব। আমি মায়ের সঙ্গেই আছি এবং সত্যিই খুব ভালো আছি। ইনশাআল্লাহ, বছরের পর বছর ধরে আমি তাঁর (মা অমৃতা সিং) মগজ চিবিয়ে খাব!’ তা হলে গাড়িভর্তি ওই জিনিসপত্রগুলো? উত্তরে সারা বলেন, এসব তিনি সর্বত্র নিয়ে যান।
যদিও সারার ওই উত্তরে অনেকেই সন্তুষ্ট হতে পারেননি, কারণ, সারা নিজেই একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার দিয়েছিলেন; যেখানে তাঁর চারপাশে না-খোলা বক্স দেখা যায়। তা ছাড়া ক্যাপশনে সারা নিজেই লিখেছিলেন, ‘এখানেই নতুন শুরু!’
টাইমস নাউয়ের প্রতিবেদন আরো জানিয়েছে, ওই ছবিগুলো ভক্তদের মনোযোগ আকর্ষণের জন্যই শেয়ার করা হয়েছিল। আসলে সেটি নতুন একটি বিজ্ঞাপনের প্রচারণার অংশ।
নিকা ফেমিনা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উজ্জ্বল গোলাপি রঙের গাউন পরেছিলেন সারা আলি খান।
বি-টাউনে এখন চলছে সারার গুণকীর্তন। বড় বড় মূলধারার পরিচালক তাঁকে চলচ্চিত্রে নিতে মুখিয়ে আছেন। ‘সিম্বা’ পরিচালক রোহিত শেঠি বলেছেন, সুপারস্টার হওয়ার সব গুণই আছেন সারার। আর নবাবজাদিও উপভোগ করছেন তুমুল জনপ্রিয়তা।
শোনা যাচ্ছে, ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সারাকে। প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন কারিশমা কাপুর। বলা হচ্ছে, জুলাইয়ে শুটিং শুরু হবে এবং আগামী বছর মুক্তি পাবে ছবিটি। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button