খেলা

মাহমুদউল্লাহর ব্যাটে ঝোড়ো সেঞ্চুরি

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রবিবার ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে দিনটা নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। মিরপুরে তামিম খেলেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৩৪ রানের অপরাজিত ইনিংস। তামিমের দিনে তারই হোম ভেন্যু চট্টগ্রামে হয়েছে তিন সেঞ্চুরি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে শতক হাঁকান দক্ষিণাঞ্চলের ওপেনার শাহরিয়ার নাফীস, শামসুর রহমান শুভ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই তিনের ব্যাটে রান পাহাড়ে চাপা পড়েছে উত্তরাঞ্চল। জয়ের জন্য তাদের সামনে ৪৫৪ রানের লক্ষ্য।
শাহরিয়ার নাফীস ২৫১ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন ১২ চারে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম সেঞ্চুরির পথে গড়েন একটি মাইলফলকও। প্রথম শ্রেণির ক্রিকেটে এদিন ৮ হাজার রান পূরণ করেছেন নাফীস।
চারে নেমে সেঞ্চুরি করা শামসুর ২২২ বলে ১০৯ রান করেন। ১১ চারে সাজান নিজের ইনিংস।
এরপর মাহমুদউল্লাহ তুলে নেন সেঞ্চুরি। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক খেলেছেন টি-টোয়েন্টির ভঙিতেই। ৭০ বলে সেঞ্চুরি পূরণ করেন। তার ১০০ রানের অপরাজিত ইনিংসে ৮টি চারের সঙ্গে ছিল ৫ ছক্কা।
আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া এনামুল হক বিজয় এদিন আবারো মাঠে নেমে ৫৯ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
মাহমুদউল্লাহর সেঞ্চুরি পূরণ হওয়ার পরই ৩ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে তাদের ২৬২ রানের বিপরীতে ২০৭ রানে থেমেছিল উত্তরাঞ্চলের ইনিংস। ফলে ৪৫৪ রানের লক্ষ্য এখন উত্তরাঞ্চলের সামনে।
যে লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে উত্তরাঞ্চল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button