আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী সোমবার কক্সবাজার যাবেন

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখতে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদ।
আজ রোববার বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়া হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সাথে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বৈঠক করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে রোহিঙ্গা সঙ্কট ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ থেকে সুষ্ঠুভাবে জনশক্তি রফতানি প্রাধান্য পেয়েছে।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কাল সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এর পর সেখান থেকেই বিমানযোগে বাংলাদেশ ছেড়ে যাবেন।
আইওএম প্রধান কক্সবাজার যাবেন
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং চারদিনের সফরে আজ বিকেলে ঢাকা এসেছেন। রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে তিনি কাল কক্সবাজার যাবেন। বাংলাদেশ সফরকালে তিনি কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধি ও সরকারের কয়েকজন মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।
তার সফর উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আইওএম প্রধানের বাংলাদেশ সফর রোহিঙ্গাদের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এবং এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার, উন্নয়ন অংশীদার ও স্থানীয় সম্প্রদায়কে সাথে নিয়ে জাতিসঙ্ঘের মাধ্যমে তা পূরণের গুরুত্বকে তুলে ধরে।
আইওএম প্রধান জীবন রক্ষাকারী মানবিক সহায়তা, আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠিকে সুরক্ষা ও উদ্বাস্তুদের নিবন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর জোর দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button