খেলা

মালিঙ্গার বর্ণিল বিদায়

২০০৪ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। অবশেষে দেড় দশকের এই দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে বিদায়ের করুণ সুর বাজালেন বিশ্ব ক্রিকেট মাতানো এই বোলার।
টাইগারদের বিপক্ষে আজ ক্যারিয়ারের ২২৬ তম ওয়ানডে ম্যাচ খেললেন মালিঙ্গা। আজকের পর ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে না তাঁকে। অভিষেকের পর ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের রুদ্রমূর্তির পরিচয় তুলে ধরেন মালিঙ্গা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ওয়ানডে ক্রিকেটে হয়ে উঠেন ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর এক নাম।
১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে নিজের ঝুলি বেশ ভারী করে বিদায় নেন মালিঙ্গা। ওয়ানডে ক্রিকেটের তিনিই একমাত্র বোলার যার নামের পাশে আছে তিনটি হ্যাটট্রিক। এর মধ্যে দুটি আবার বিশ্বকাপের মঞ্চে। শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয়তে তাঁর নাম। ২২৬ ম্যাচে নিয়েছেন ৩৩৮ উইকেট। তাঁর ওপরে আছেন পেসার চামিন্দা ভাস (৩৯৯) এবং স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৫২৩)। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মালিঙ্গা দশ নম্বরে।
দেশের হয়ে মোট চারটি বিশ্বকাপ খেলেছেন মালিঙ্গা। বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলে নিয়েছেন ৫৬ উইকেট। যা বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয়। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট সর্বোচ্চ ৭১টি উইকেট নিয়ে শীর্ষে আছেন। সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপেও সাত ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছেন তিনি।
বিদায়ী ম্যাচকেও স্মরণীয় করে গেছেন মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে বল হাতে ৩৮ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। সব মিলিয়ে ২২৬ ম্যাচে মোট ২৩৮ উইকেট নেওয়ার পাশাপাশি নিজ দেশকে দারুণ এক জয় উপহার দিয়েই রঙিন জার্সি তুলে রাখলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। অবশ্য শেষটাও রাঙিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button