খেলা

মালদ্বীপের জালে বাংলাদেশের ৯ গোল

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শনিবার(২৭অক্টোবর) দুপুরের ম্যাচে বাংলাদেশের কিশোরদের জয় ৯-০ গোলে। মালদ্বীপকে বিধ্বস্ত করা ম্যাচে বাংলাদেশের হয়ে একাই চার গোল করেছেন ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাস।সেই সাথে আরো জোড়া গোল আছে রাসেল আহমেদ ও আশিকুর রহমানের।
নেপালের এএনএফএ কমপ্লেক্সে শনিবার খেলার প্রথমার্ধেই মালদ্বীপের জালে চারবার বল জড়িয়ে বিশাল জয় অনেকটাই নিশ্চিত করে বাংলাদেশ। ১১ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সতীর্থের হেডে পাওয়া বলে পা ছুঁয়ে লাল-সবুজদের এগিয়ে নেন তরুণ এই ফরোয়ার্ড।
উচ্ছ্বাস তার দ্বিতীয় গোলের উদযাপন সারেন ১৯ মিনিটে। মালদ্বীপের চার খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে দলকে দ্বিতীয়বারের মত এগিয়ে নেন তিনি।ম্যাচের ২৩ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূরণ করে উচ্ছ্বাস। নিজেদের ডি-বক্সের বাইরে মালদ্বীপ ডিফেন্ডারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোলের মত গোলরক্ষককে বোকা বানান তিনি।
লাল-সবুজদের চতুর্থ গোলটি আসে বিরতিতে যাবার ঠিক আগে। ৪০গজ দূর থেকে অধিনায়ক মেহেদী হাসান জোরালো এক শটে চতুর্থবারের মত পরাস্ত করে মালদ্বীপ গোলরক্ষককে।৪৬ মিনিটে আবারো উচ্ছ্বাসের গোল। এক মিনিট বাদেই উইঙ্গার রাসেল আহমেদ আরো ব্যবধান বাড়ান।৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রাসেল। সতীর্থের থ্রো ধরে তার নেয়া শট জড়ায় জালে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে এবং অতিরিক্ত সময়ে আরও দুই গোল করে মালদ্বীপের হতাশার ষোলকলা পূর্ণ করেন আশিক।
গ্রুপের প্রথম ম্যাচেও স্বাগতিক নেপালের কাছে ৪-০ গোলে হারা মালদ্বীপ টানা দুই হারে ছিটকে গেল প্রতিযোগিতা থেকে।৩ করে পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে প্রতিযোগিতার সেরা চারে উঠেছে বাংলাদেশ ও নেপাল। আগামী সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ ড্র হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকা বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button